ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাইয়ের মৃত্যু

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে ভূমি অধিগ্রহণের টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে ছোট ভাই নুরল আফচারের পিটুনিতে বড় ভাই ওমর ফারুকের (৪৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ওই গ্রামের ভুঞা বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় মেম্বার মো. নিজাম উদ্দিন জানান, চট্টগ্রামের মিরেরশরাই উপজেলার ইছাখালি গ্রামে সোনাগাজী উপজেলার মৃত বাদশা মিয়ার মালিকাধীন ভূমি সরকার অধিগ্রহণ করে। কিছুদিন আগে অধিগ্রহণের টাকার চেক পেলে বাদশা মিয়ার সন্তানদের মধ্যে ভাগ–বাঁটোয়ারা  নিয়ে বিরোধ শুরু হয়। বিরোধের জেরে সংঘর্ষে ওমর ফারুক নিহত হয়েছে।

নিহতের স্ত্রী মায়া বেগম বলেন, বুধবার বিকেলে টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আমার স্বামীকে দেবর নুরল আফচার লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনাগাজী হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হলে মৃতদেহ স্বজনরা বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার পরে এলাকাবাসী নুরুল আফচারকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান।

সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুদ্দিন বলেন, সন্ধ্যায় পুলিশ নিহতের বাড়িতে পৌঁছে প্রকৃত ঘটনার জানার চেষ্টা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।