ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যে বন্যার কবলে পড়া একটি কয়লাখনিতে আটকে পড়া ১৫ শ্রমিকের একজনের মরদেহের সন্ধান পেয়েছেন নৌবাহিনীর সদস্যরা। নিখোঁজের ৩৫ দিন পর গতকাল বৃহস্পতিবার বাহিনীর সদস্যরা একজনের হদিস পান বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
মেঘালয়ে ‘ইঁদুরের গর্ত’ হিসেবে পরিচিত খনিগুলোতে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা অমান্য করে সেগুলো থেকে কয়লা উত্তোলন করে। গত বছরের ১৩ ডিসেম্বর বন্যায় পার্শ্ববর্তী নদীর পানিতে ভরে যায় মেঘালয়ের ওই খনিটি। এতে আটকা পড়েন শ্রমিকরা।
ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১৬০ ফুট গভীরে একটি নৌযান প্রথমে দেহটি শনাক্ত করে। চিকিৎসকের তত্ত্বাবধানে এটি খনি থেকে বের করা হবে।
উদ্ধারকাজে নৌবাহিনীর ২০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা খনিটি থেকে পানি অপসারণের চেষ্টা করছেন। টানা কয়েক দিনের প্রচেষ্টায় এর আগে তারা তিনটি হেলমেট উদ্ধার করতে পেরেছিল। গতকাল একজনের মরদেহের সন্ধান পাওয়া গেলেও বাকিরা জীবিত নাকি মৃত, তা নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এনডিআরএফ ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এসডিআরএফের সদস্যরা উপকরণ সংকটে খনি দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করতে পারেননি।