জামালপুরের মেলান্দহে নবা ম-ল (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পেশায় গরু ব্যবসায়ী নবা দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের হাফেজউদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে আমবাড়িয়া গ্রামের একটি ফসলি জমি থেকে গলার সঙ্গে হাঁটু দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
মেলান্দহ থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন দেশ রূপান্তরকে জানান, গত বুধবার রাত ১০টার দিকে নবা ম-লকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মোফাজ্জল। এরপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের ফসলি জমিতে নবার লাশ পড়ে থাকতে দেখে মেলান্দহ থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের মুখে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোফাজ্জলের স্ত্রী মোর্শেদা বেগমকে (৪০) আটক করা হয়েছে জানিয়ে ওসি সাখাওয়াত জানান, গরু ব্যবসার টাকা লেনদেন নিয়ে নবা ও মোফাজ্জলের মধ্যে বিরোধ চলছিল।