রাজধানীতে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় বাসচাপায় তামান্না আক্তার (২২) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মিরপুর ১৪ নাম্বার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তামান্না ভাষানটেক দামাল কোট এলাকায় থাকতেন এবং কাফরুলের ম্যাকটেক গার্মেন্টসে চাকরি করতেন।

ভাষানটেক থানার ওসি সাব্বির আহমেদ জানান, সকালে কর্মস্থলে যাওয়ার সময় মিরপুর ১৪ নম্বর মোড়ে কাকলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-০১০৯) তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।