বিয়ের দাওয়াতে যাওয়ার পথে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিনজন মারা গেছেন। নিহতরা সম্পর্কে ফুফাতো-মামাতো ভাই-বোন। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পীরগঞ্জের হরিরামপুর শাহাপুর গ্রামের শাহিনুর রহমান (২৪), রুমি বেগম (২২) ও শফিকুর রহমান (১৫)। তারা মিঠাপুকুরের শঠিবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় ঘণ্টাব্যাপী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়দরগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবুল হাসান।
তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ বাসটি বিশমাইল এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক হলেও এর চালক-হেলপার পালিয়েছে।