মুষ্ঠিযোদ্ধা আলির নামে বিমানবন্দরের নামকরণ

বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অবস্থিত লুইসভিলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম। বিমানবন্দরটির নাম পাল্টে প্রয়াত কিংবদন্তি মুষ্ঠিযোদ্ধা মুহাম্মদ আলির নামে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

লুইসভিলের আঞ্চলিক এয়ারপোর্ট কর্তৃপক্ষের বোর্ড বুধবার বিমানবন্দরটির নাম বদলের পক্ষে ভোট দেয়। নতুন নাম হবে ‘লুইসভিলে মুহাম্মদ আলি ইন্টারন্যাশাল এয়ারপোর্ট’। বৃহস্পতিবার আলির ৭৭তম জন্মবার্ষিকীর একদিন আগে এই ঘোষণা আসে।

দীর্ঘ রোগভোগের পর ২০১৬ সালের ৩ জুন না ফেরার দেশে চলে যান আলি। প্রখ্যাত এই মুষ্ঠিযোদ্ধা ১৯৪২ সালে লুইসভিলে শহরেই জন্মগ্রহণ করেছিলেন। এই শহরেই তার বেড়ে ওঠা।

নাম পরিবর্তন প্রসঙ্গে লুইসভিল এয়ারপোর্ট অথিরিটি বোর্ডের চেয়ারম্যান জিম উইলস বলেছেন, এ পদক্ষেপ বিশ্ববাসীর সামনে একটি নমুনা হয়ে থাকবে যে, এ মহান ব্যক্তিকে নিয়ে আমরা কতটা গর্বিত।

আলির নামে বিমানবন্দরের নামকরনের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলির স্ত্রী লুনি আলি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, এই সিদ্ধান্তে তিনি গর্বিত। আলি একজন ‘বিশ্ব নাগরিক’ ছিলেন। তবে নিজ শহরকে কখনও ভুলেননি। 

লুইসভিলে শহরের মেয়র গ্রেগ ফিশার জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে লুইসভিলের চেয়ে আলির নাম আরও বড় কিছু। লুইসভিলের সঙ্গে আলির বন্ধন আরো দৃঢ় করতে একটি কমিটি গঠনের কথা বলেছেন তিনি।

১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন আলি। ইসলাম গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রের মুসলিমদের আদর্শ ব্যক্তিত্বে পরিণত হন।

১৯৭৮ সালে ৫ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন মোহাম্মদ আলি। তখন বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। তার নামেই পল্টনে করা হয় ‘মুহাম্মদ আলি বক্সিং স্টেডিয়াম’।