উজনিয়াকিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে শারাপোভা

রোমাঞ্চর লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারোলিন উজনিয়াকিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা।

মেলবোর্নে শুক্রবার তিন সেট ম্যাচের মহাকাব্যিক লড়াই শেষে জয়ের দেখা পান ৩০তম বাছাই শারাপোভা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ডেনমার্কের উজনিয়াকিকে ৬-৪, ৪-৬, ৬-৩ এ হারান পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়।

ডোপিংয়ের কারণে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালের অগাস্টে কোর্টে ফেরার পর এটাই শারাপোভার সবচেয়ে রোমাঞ্চকর জয়। শেষ ষোলোতে ৩১ বছর বয়সী এই খেলোয়াড় মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার অ্যাশ বার্টির সঙ্গে।

উজনিয়াকিকে হারানোর পর শারাপোভা বলেন, “সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমি জানতাম এটা খুবই কঠিন লড়াই হবে।”

“গত বছর আমি খুব বেশি ম্যাচ খেলিনি, বিশেষ করে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের বিপক্ষে। এগুলো এমন ধরনের ম্যাচ যার জন্য প্রশিক্ষণ নিতে হয়। এই জয় দারুণ কিছু।”