ওয়ার্নারের লড়াকু ব্যাটিংয়ের জবাবে সাকিব আল হাসানের কার্যকরী ব্যাটিং। সঙ্গে আন্ড্রে রাসেলের ঝড়। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এখন পর্যন্ত দুই জয় পাওয়া সিলেট ষষ্ঠ ম্যাচেও ফিরল খালি হাতে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটস জয় পেয়েছে ৬ উইকেটে, ১৮ বল বাকি থাকতে। সাকিব ৪১ বলে আট চার, দুই ছয়ে ৬১ রানে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেন ২১ বলে ৪০ রান করা রাসেল। দুটি চার এবং চারটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
সিলেট সিক্সার্স টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে দলটি। ডেভিড ওয়ার্নার ৪৩ বলে আটটি চার এবং একটি ছক্কার মারে ৬৩ রান করেন।
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ঢাকা পয়েন্ট-টেবিলের শীর্ষেই আছে। চার পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ছয় নম্বরে সিলেট।
ঢাকা জবাব দিতে নেমে প্রথম ওভারের শেষ বলেই মিজানুর রহমানকে (১) হারায়। সুনিল নারিন ১০ বলে ২০ রানের ছোট একটি ঝড় তুলে বিদায় নেন। তিনটি চার, একটি ছয় হাঁকান তিনি। এরপর রনি তালুকদার (১৩) দলীয় ৩৭ রানের মাথায় ফিরলে কিছুটা চাপে পড়ে ঢাকা।
চার নম্বরে নামা সাকিব ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকেন। এর ভেতর আবার তাকে ছেড়ে যান দারউইশ রাসুলি (১৯)। তখন ১২ ওভার ৩ বল শেষে ঢাকার সংগ্রহ ১১২।
রাসেল নামার পর সাকিবের কাজটা সহজ হয়ে যায়। ‘হার্ডহিটার’ এই ব্যাটসম্যান নিজের সহজাত ভঙ্গিমায় চালিয়ে খেলতে থাকেন। শেষ পর্যন্ত ম্যাচ বের করে নেন ১৭ ওভারের ভেতর।
ব্যাট হাতে অপরাজিত ৬১ রান করার পাশাপাশি ৩৪ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব।
আরও পড়ুন: ওয়ার্নারের অর্ধশতকে সিলেটের সংগ্রহ ১৫৮