সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে কংগ্রেসের কাছে মিথ্যা বলতে নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাজফিড নিউজ তাদের এক খবরে এমন দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়, মস্কোয় ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা গোপন রাখতে ট্রাম্প এই কৌশল অবলম্বন করেন।
ট্রাম্পের হয়ে ঘুষ দেওয়া, মিথ্যাচার, ষড়যন্ত্রসহ একাধিক অপরাধে যুক্ত থাকায় কোহেন বর্তমানে তিন বছরের জেল খাটছেন। তিনি সব সময় দাবি করেছেন, ট্রাম্প তাকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছেন। ট্রাম্প আবার এই অভিযোগ অস্বীকার করেন।
নতুন অভিযোগের বিষয়েও সাড়া দিয়েছেন ট্রাম্প। টুইটে তিনি দাবি করেন, ‘কারাবাসের সময় কমিয়ে আনতে কোহেন মিথ্যা বলছে।’
হাউজের গোয়েন্দা কমিটির নতুন চেয়ারম্যান অ্যাডাম শিফ পাল্টা টুইটে জানান, তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।
ডেমোক্র্যাটদের অভিযোগ, নির্বাচনের আগে নিজের কীর্তি ধামাচাপা দেওয়ার জন্য কোহেনকে দিয়ে প্রায় চল্লিশ লাখ ডলারের জরিমানা, ঘুষ, প্রতারণা বাবদ খরচসহ নানান অপরাধমূলক কাজ করিয়েছিলেন ট্রাম্প।
২০১৬ সালের ওই নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য পর্ন তারকা ড্যানিয়েলস এবং সাবেক প্লেবয় মডেল কারেন ম্যাকডোগালকে অর্থ দেন কোহেন।
কোহেনকে সাজা দেয়ার সময় আদালতের রায়ে বলা হয়, অবৈধভাবে এ অর্থ দিয়ে নির্বাচনী প্রচারের আর্থিক নিয়ম লঙ্ঘন করেছেন তিনি।