পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’এর পর্দা নামল। শুক্রবার অনুষ্ঠিত হয় ৯ দিনব্যাপী এই আয়োজনের সমাপনী। এদিন বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের সমাপনী আসরে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব আবদুল মালেক।

সমাপনী আয়োজনে বিভিন্ন বিভাগে সেরা চলচ্চিত্র, নির্মাতা,সিনেমাটোগ্রাফার, অভিনেতা ও অভিনেত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এবারের আসরে সেরা শিশু চলচ্চিত্র হিসেবে বাদল রহমান পুরস্কার পেয়েছে কাজাখস্তানের তালগাট তেমেনভের ‘লিটল প্রিন্স অব আওয়ার সিটি’। সেরা অডিয়্যান্স পুরস্কার পেয়েছে ভারতের শ্রীজিত মুখার্জির ছবি ‘এক যে ছিলো রাজা। জুরিদের কর্তৃক বেস্ট ক্রিটিক চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে বাংলাদেশের মাসুম আজিজের ছবি ‘সন্তান গল্প, (এনশোন্ট ট্র্যাপ)।

উইমেন ফিল্মমেকার বিভাগে সেরা শর্টফিকশন চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যের ফাতেমা আহমাদির ‘বিটার সী’, একই বিভাগে বিশেষ ক্যাটাগরির ডকুমেন্টারির পুরস্কার অর্জন করেছে ইউএসএ, বুলগেরিয়া ও ইটালির প্রামাণ্যচিত্র ‘বারকিনেবল বাউন্টি, একই বিভাগে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের যৌথ প্রামাণ্যচিত্র লিসা গাজীর ‘রাইজিং সাইলেন্স’, এ ছাড়া একই বিভাগে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে ফিলিপাইনের ডিনাইজ ও হারার ছবি ‘মামাং’। স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ইরানের শাহরিয়ার পৌরসেদিয়ানের ‘রিটার্ন, একই বিভাগে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে বেলজিয়াম ও ইথিওপিয়ার ‘ওয়াকিং ফর গেনা, এই বিভাগে সেরা ফিচার ফিল্মের ভারত ও ইউক্রেনের ছবি ‘নামদেব ভাউ’।

এশিয়ান চলচ্চিত্র বিভাগে ‘সিগনাল রক’ ছবির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ফিলিপাইনের রচি ভেরা, এই বিভাগে ‘শাইনাউরাও’ ( ডিপ ওয়েল), ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছে কাজাখস্তানের রিফকাত ইব্রাজিমভ। এই বিভাগে ‘সোফরা সিরলারি; (সিরিয়াল কুক),ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে তুর্কির ডিমেট ইভগার, এই বিভাগে ‘ব্রাদার্স অব সাইলেন্স’ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে তুর্কির ইগিট ইগি ইয়াজার,একই বিভাগে ‘ড্রেসেজ’ ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছে ইরানের পুয়া বাদকুবেহ ও এশিয়ার সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আইরবেক দাইরবেকভ নির্মিত কিরগিজস্তানের ছবি ‘দারাক ইরি ( দ্য সং অব দ্য ট্রি)। পুরস্কার হিসেবে প্রদান করা হয় সার্টিফিকেট  ও ক্রেস্ট।

৯ দিনব্যাপী জমকালো এই উৎসবে অংশ নিয়েছেন দেশ-বিদেশের ১৩০ জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা ও সংশ্লিষ্টরা। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি এ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘পঞ্চম নারী নির্মাতা সম্মেলন’ আর চলচ্চিত্র নির্মাণ বিষয়ক সেমিনার ‘ওয়েস্ট মিটস ওয়েস্ট’। এ ছাড়া, আলোচিত ছবিগুলো প্রদর্শনের আগে পরিচালককে নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রেজেন্টেশন পর্ব।

গত ১০ জানুয়ারি জাদুঘরের প্রধান মিলনায়তনে নয় দিনের এই উৎসবের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে এবারের উৎসবে বিশ্বের ৭২টি দেশের ২১৮ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল ১২২টি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল ৯৬টি । জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ এই ছয়টি মিলনায়তনে প্রদর্শিত হয়েছে উৎসবের ছবিগুলো।