জনপ্রিয়তায় সব অ্যাপকেই পেছনে ফেলেছে হোয়াটসঅ্যাপ। বিশে^ যত অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা হয়, সেই তালিকায় জনপ্রিয়তার দিক থেকে হোয়াটসঅ্যাপ এখন সবার ওপরে। ২০১৮ সালে হোয়াটসঅ্যাপ অ্যাপটিই সবচেয়ে বেশিবার ডাউনলোড করেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এমনকি ফেইসবুক ফ্যামিলি বলে পরিচিত যেসব অ্যাপ, তাদের মধ্যেও সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ।
গত বছর ফেইসবুক তাদের যেসব অ্যাপ সবচেয়ে জনপ্রিয়, তাদের তালিকা করে। সেই তালিকায় অনেকটা তাক লাগিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ।
ফেইসবুককে অবাক করে দিয়ে হোয়াটসঅ্যাপ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই অ্যাপ ভারত, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, তুর্কি, সুইজারল্যান্ড, স্পেন, সিঙ্গাপুর, রাশিয়া, নেদারল্যান্ডস, মেক্সিকো, মালয়েশিয়া, হংকং, জার্মানি, ফিনল্যান্ড, ব্রাজিলের মতো দেশে শীর্ষে রয়েছে। এই দেশগুলোয় ফেইসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের চেয়েও অনেক বেশি ব্যবহারকারী রয়েছেন হোয়াটসঅ্যাপের।
অবশ্য এর কারণ হিসেবে হোয়াটসঅ্যাপ বলছে, তারা সব সময় চেষ্টা করেছে তাদের অ্যাপকে কতটা জনবান্ধব এবং যোগাযোগ উপযোগী করে তোলা যায় সে দিকটায়। এখন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী কত, তা জানা না গেলেও গত বছর ৭৪ কোটি ৭০ লাখ ডাউনলোড হয়ে সবার ওপরে রয়েছে অ্যাপটি। আর শীর্ষ দশের ছয়টি অ্যাপ ফেইসবুকের। অনেক দেশে ম্যাসেঞ্জার জনপ্রিয় হলেও গত বছর তার চেয়ে হোয়াটসঅ্যাপ অন্তত ১৫ কোটি বেশিবার ডাউনলোড হয়।