পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্্যাপন উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের  সাংসদ অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, প্রধান শিক্ষিকা এবং সাবেক মহিলা সাংসদ নার্গিস আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে নাচে-গানে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর করে তোলেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দুদিনব্যাপী এ উৎসবে রয়েছে খেলাধুলা, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিকথন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

শতবর্ষের এ উৎসবে দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আসা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ঘিরে জেলা শহরে বিরাজ করছে উৎসবের আমেজ।