গেইল-ডি ভিলিয়ার্সদের বিপক্ষে ব্যাটিংয়ে ওয়ার্নাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হলো এবি ডি ভিলিয়ার্সের। শনিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকান তারকা। যে দলে আগে থেকেই আছেন ক্রিস গেইল।

তারায় ভরা দল রংপুরের নেতৃত্বে মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার দিনের প্রথম ম্যাচে দলটি মাঠে নেমেছে সিলেট সিক্সার্সের বিপক্ষে। টস জিতে ডেভিড ওয়ার্নারের দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর।

বিপিএলের সিলেট পর্বেই এর আগে মুখোমুখি হয়েছিল দুই দল। যে ম্যাচে রংপুরকে ২৭ রানে হারায় সিলেট। আসরে যা ছিল বর্তমান চ্যাম্পিয়নদের চতুর্থ পরাজয়। ৬ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে মাশরাফীর রংপুর। এই ম্যাচে তাই জয়ে ফেরা খুবই প্রয়োজন রংপুরের।

অন্যদিকে রংপুরকে হারানোর পর ঢাকার বিপক্ষে হেরেছে সিলেট। ছয় ম্যাচে রংপুরের সমান জয়, পরাজয় ও পয়েন্ট তাদের। তবে টেবিলে রংপুরের অবস্থান পঞ্চম, সিলেটের অবস্থান ষষ্ঠ। রংপুরের মতোই জয়ে ফেরার তাগিদ তাদেরও।

সিলেট সিক্সার্স: লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ ইরফান, অলক কাপালি, সন্দিপ লামিচানে, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মেহেদি হাসান রানা, তাসকিন আহমেদ, নিকোলাস পোরান, জাকির আলী।

রংপুর রাইডার্স: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, সোহাগ গাজী, ফরহাদ রেজা, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, রাইলি রুশো, শফিউল ইসলাম।