পাইপ ফেটে তেল বের হচ্ছিল। স্থানীয় মানুষ ঠেলাঠেলি করে সেই তেল ‘চুরি’ করতে এসে বিস্ফোরণের মুখে পড়েন। প্রাণ হারিয়েছেন ২১ জন। আহত হয়েছেন ৭১ জন।
হিডালগো রাজ্য গভর্নর ওমর ফাইয়াদ বিবিসিকে বলেন, ‘তেল বের হওয়ার খবর পেয়ে সবাই হুড়োহুড়ি শুরু করেন। একসঙ্গে অনেকে চুরি করত এসে আগুনের ভেতর পড়েন। যার কারণে ভয়াবহ এই দুর্ঘটনা।’
শুক্রবার রাতে ত্লাহুয়েলিলপান শহরের কাছে একটি তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে। কী কারণে তেলের পাইপ ফুটো হয়ে গিয়েছিল তা এখনো জানা যায়নি।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, শোধনাগারের কাছে অগ্নিশিখা রাতের আকাশে ছড়িয়ে পড়ছে।
ফাইয়াদ হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে যান। হতাহতদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।
বিস্ফোরণ হওয়া পিমেক্স শোধনাগারটি মেক্সিকোর রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি। এর আগেও কয়েকবার প্রতিষ্ঠানটি দুর্ঘটনার কবলে পড়ে।
২০১৩ সালে মেক্সিকো সিটি সদর দপ্তরে এক বিস্ফোরণে ৩৭ জন মারা যান। ২০১২ সালে মারা যান ২৬ জন।