২৬ জানুয়ারি থেকে ১৩ তম মহিলা বিশ্ব ইজতেমা শুরু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আগামী ২৬ জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী ১৩ তম মহিলা বিশ্ব ইজতেমা শুরুতে হতে যাচ্ছে। তিন দিনের এই বিশ্ব মহিলা ইজতেমা ২৬ জানুয়ারি শুরু হয়ে, শেষ হবে ২৮ জানুয়ারি।

ইজতেমার আয়োজক আলহাজ্ব শের আলী শেখ জানান, প্রথম দিন আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। তিন দিনই ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন এলাকার আলোচকরা আলোচনা রাখবেন। শেষ দিন বিকেলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

এ উপলক্ষে ইতিমধ্যেই এলাকায় মাইকিং, পোস্টারিং, লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। ইজতেমায় দূর দুরান্ত থেকে আগত মহিলাদের জন্য কলেজের মহিলা হোস্টেলে নিরাপদ পরিবেশে রাত্রিযাপন ও খাওয়ার ব্যবস্থা করা হবে।

ইজতেমার প্রথম দিনে পাবনার মাওলানা দেলোয়ার হোসেন যুক্তিবাদী, দ্বিতীয় দিন রাজশাহীর মাওলানা আমজাদ হোসেন জিহাদী ও শেষ দিন সোমবার সিরাজগঞ্জের মাওলানা মো. রাকিবুল ইসলাম প্রধান আলোচক হিসাবে ঈমান, আমল, আখলাক, পরকাল ও পর্দা বিষয়ে বয়ান করবেন।

সমাপনী দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, বিগত বছরগুলোর মত এবারও পর্যাপ্ত পুরুষ ও মহিলা পুলিশ মোতায়েন করাসহ ইজতেমার নিশ্ছিদ্র নিরাপত্তা বিধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।