ন্যাশনাল সার্ভিস কার্যক্রম তদারকিতে কমিটি

বেকারত্ব দূরীকরণ প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কার্যক্রম আরও জোরদার করতে ৮ বিভাগে সমন্বয় কমিটি করেছে সরকার। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসব কমিটি গঠন করে আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (যুব) ঢাকা বিভাগের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সমন্বয় করবেন। এছাড়া অতিরিক্ত সচিব (উন্নয়ন) খুলনা বিভাগের, যুগ্মসচিব (প্রশাসন) চট্টগ্রাম বিভাগের, যুগ্মসচিব (ক্রীড়া) রংপুর বিভাগের, যুগ্মসচিব (যুব) সিলেট বিভাগের, যুগ্মসচিব (উন্নয়ন) ময়মনসিংহ বিভাগের, যুগ্ম সচিব (সমন্বয়) বরিশাল বিভাগের এবং উপ-সচিব (যুব) রাজশাহী বিভাগের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সমন্বয় করবেন।

এ কর্মসূচির আওতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩ মাস প্রশিক্ষণের পর দুই বছর মেয়াদে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়। প্রশিক্ষণে প্রতিদিন ১০০ টাকা করে মাসে তিন হাজার টাকা ও চাকরির সময় প্রতিদিন ২০০ টাকা হারে মাসিক ছয় হাজার টাকা ভাতা দেওয়া হয় তাদের। সুবিধাভোগীদের বয়স হতে হয় ১৮ থেকে ৩৫ বছর। ২০১০ সালে চালু হওয়া এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্বে ২৭টি উপজেলায়, তৃতীয় ও চতুর্থ পর্বে ৩৭টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্বে দেশের আরও ৬৪ উপজেলায় এ কর্মসূচি চলছে।