পিএসজির গোল উৎসবে কাভানি-এমবাপের হ্যাটট্রিক

লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের তলানির দল গ্যাঁগোকে গোলবন্যায় ভাসিয়েছে পিএসজি। প্রতিপক্ষটিকে উড়িয়ে দেওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপে।

ফ্রান্সের শীর্ষে লিগে শনিবার রাতে নিজেদের মাঠে গ্যাঁগোকে ৯-০ গোলে হারায় ছন্দে থাকা পিএসজি। তিনটি করে গোল করেন এমবাপে ও কাভানি; বাকি তিন গোলের দুটি নেইমারের, একটি তমা মুনিয়ের।

পিএসজির তারকাসমৃদ্ধ আক্রমণভাগের সামনে মোটেও প্রতিরোধ গড়তে পারেনি গ্যাঁগোর রক্ষণভাগ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্তই গোল হজম করে তারা।

নেইমারকে দিয়ে শুরু হয় পিএসজির গোল উৎসব। একাদশ মিনিটে দানি আলভেসের পাসে খুব কাছ থেকে ডান পায়ের শটে জালে বল পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এরপর এমবাপে জোড়া গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ছয়টি গোল পায় প্যারিসের ক্লাবটি। কাভানি তিন গোলের তিনটিই পান এই দ্বিতীয়ার্ধে। এমবাপে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয় গোলের দেখা পান নেইমার।

প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকেন মুনিয়ে। ৮৩তম মিনিটে ডান পায়ের শটে গোলটি করেন বেলজিয়ান এই রাইট-ব্যাট।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো সুদৃঢ় করল পিএসজি। চলতি লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটির পয়েন্ট ১৯ ম্যাচে ১৭ জয় ও দুই ড্রসহ ৫৩। ২১ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে লিলে।