ছয় বছর আগে আবদুল আজিজের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। এই প্রতিষ্ঠানের আরও কিছু সিনেমায় অভিনয় করে আলোচিত হন তিনি। অল্প সময়ে প্রেক্ষাগৃহের মালিকদেরও আস্থা অর্জন করেন। কিন্তু ২০১৫ সালের পর থেকে এই প্রতিষ্ঠানের আর কোনো ছবিতে দেখা যায়নি এই নায়ককে। প্রযোজনা প্রতিষ্ঠানটি নতুন নায়ক নিয়ে ঠিকই একের পর এক সিনেমা বানিয়ে গেছে।
জাজ মাল্টিমিডিয়া দেশের সিনেমা তৈরির পাশাপাশি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি তৈরিতেও যথেষ্ট গুরুত্ব দেয়। চলচ্চিত্র সংশ্লিষ্ট একটা অংশ বিষয়টিকে যৌথ প্রতারণা হিসেবে মনে করে। এই প্রতিষ্ঠানের সিনেমা প্রদর্শন ও নির্মাণ ঠেকাতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন কেউ। এই দলে ছিলেন নায়ক বাপ্পী চৌধুরীও। ফলে এই নায়কের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির দ্বন্দ্ব তৈরি হয়। আবদুল আজিজকে এড়িয়ে চলতে শুরু করেন এই নায়ক। তবে এখন তিনি মনে করছেন, পুরো ব্যাপারটি ‘ভুল’ ছিল। তা নিয়ে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বাপ্পী। নায়কের এমন উপলব্ধিতে খুশি প্রযোজক। বললেন, ‘বাপ্পী আমার ঘরের ছেলে। আমার বিশ্বাস ছিল, একদিন তার ভুল ভাঙবে, সেটাই হয়েছে। এটা আমার ভালো লেগেছে।’
বাপ্পী চৌধুরী বলেন, ‘নতুন বছর নতুন পরিকল্পনা করছি। প্রযোজক আবদুল আজিজ আমাকে চলচ্চিত্রে এনেছেন। আমরা একসঙ্গে অনেক সুন্দর সময় কাটিয়েছি। চলচ্চিত্রের দুর্দিনে তিনি এই চলচ্চিত্রে বিনিয়োগ করেছেন। কত ভাবনার আদান-প্রদান আমাদের হয়েছে। সম্প্রতি বিদ্যা সিনহা মিমের বাসায় যাই। সেখানে আবদুল আজিজও ছিলেন। আমি তার সঙ্গে কথা বলেছি। আমার আচরণের জন্য ক্ষমা চেয়েছি।’