ডাকসু নির্বাচন

পাঁচজন রিটার্নিং অফিসার নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচজন রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট ‘আচরণবিধি প্রণয়ন কমিটি’ গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই কমিটি গঠন করেন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

চিফ রিটার্নিং অফিসারকে সার্বিক সহায়তা প্রদানের জন্য পাঁচজন অধ্যাপককে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য। তারা হলেন : মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

আচরণবিধি প্রণয়ন কমিটির সদস্যরা হলেন : আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া।  উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইতিপূর্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে চিফ রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেছেন।