অপহরণের পর র‌্যাবের হাতে উদ্ধার

নারায়ণগঞ্জে অপহরণের পরদিন সেলিম শিকদার (৩৫) নামে এক ব্যক্তিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেছে র‌্যাব। গতকাল শনিবার দুপুরে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। এর সত্যতা নিশ্চিত করে অপহরণকারীদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক। তিনি বলেন, গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে সেলিমকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ করেন তার ছোটভাই সমীর শিকদার। এ তথ্য পাওয়ার পরপরই তদন্ত শুরু করে র‌্যাব। এ কর্মকর্তা জানান, অপহরণকারীরা মুক্তিপণের টাকার জন্য সেলিমকে নিয়ে প্রথমে গাজীপুর, তারপর ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় যেতে থাকে। র‌্যাবও তাদের গতিবিধি অনুসরণ করে। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা তাকে যাত্রাবাড়ী চৌরাস্তায় ফেলে পালিয়ে যায়।