হরিজনদের পুনর্বাসন দাবিতে মানববন্ধন

রাষ্ট্রের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হরিজনদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ’।  গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে হরিজন জনগোষ্ঠীর প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করছে। আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ কাজ ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ করে দেশের মানুষকে সুস্থ রাখার পবিত্র দায়িত্ব পালন করে আসছি।  কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই জনগোষ্ঠী এখন পর্যন্ত ভূমিহীন।  সরকারের বরাদ্দ করা কলোনিতে গাদাগাদি করে আমাদের মানবেতরভাবে জীবন যাপন করতে হচ্ছে। হরিজন ঐক্য পরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রনাথ মানববন্ধনে সভাপতিত্ব করেন।