ছেলেসন্তানের মা হলেন টিউলিপ

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির এমপি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ছেলেসন্তানের মা হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার একটু আগে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। শিশুটির নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ক্যামডেন নিউ জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, যুক্তরাজ্যের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী টেরিজা মে নেতৃত্বাধীন সরকারের বেক্সিট ইস্যুতে ভোটাভুটিতে অংশ নিতে সন্তানের জন্মদান পিছিয়ে দিয়েছিলেন হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এমপি টিউলিপ।

রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি টিউলিপ সিদ্দিক ও ক্রিশ্চিয়ান পার্সি দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে আজালিয়া নামে এক কন্যাসন্তান তাদের ঘর আলো করে।