বিজয় সমাবেশ শেষে ফেরার পথে নিহত হন ৪ কার আরোহী

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রাইভেটকার ডোবায় পড়ে চারজন নিহত হয়েছেন। সোনারগাঁওয়ের আড়াইহাজার সড়কের বৈরাবেরটেক তালতলা এলাকায় রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, নিহতরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শনিবার ঢাকার সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের বিজয় সমাবেশে যোগ দিতে আড়াইহাজার থেকে ঢাকা আসেন। রোববার ভোরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন- আড়াইহাজার উপজেলার বড় ফাউসা এলাকার ইভু বাবুর্চির ছেলে রিপন (৩২), বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে স্থানীয় দলিল লেখক মোমেন (৩৭), মাউরাদি এলাকার কাদেম আলী মোক্তারের ছেলে শহিদুল্লাহ মোক্তার (৪৫) এবং রাজু (৪০) ফাউসা এলাকার জহর আলীর ছেলে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, ভোরে সাদা রঙের প্রাইভেটকারে চারজন ঢাকা থেকে আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাপাতাল মর্গে পাঠানো হয়। ডুবে যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।