মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন দ্বিতীয়বারের মতো গজারিয়ায় সাহারা গ্রুপের ভরাটকৃত প্রকল্প পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া (বড় কান্দী) এলাকায় তিনি সদ্য ভরাটকৃত সাহারা গ্রুপের দীর্ঘ কয়েক কিলোমিটার সড়ক পায়ে হেঁটে পরিদর্শন করেন।
জানা যায়, সাহারা কোম্পানি স্থানীয় সাধারণ মানুষের প্রায় ২৫/৩০ বিঘা জমি জোরপূর্বক বালু ভরাট করে দখল করেছে। এছাড়া অনুমোদন না নিয়ে সরকারি খাস জমি ও হালট ভরাট করে সড়ক নির্মাণ এবং প্রবাহমান খাল দখল করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এরই মধ্যে গত ১১ মে সংসদ সদস্য কামরুজ্জামান রতনের পরিদর্শনের পর খালের বালু অপসারণ করে খাল দখলমুক্ত করে দেয় কোম্পানি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা বলেন, ‘সরকারের অনুমতি ছাড়া এভাবে সড়ক নির্মাণ করা যায় না। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমি সরেজমিনে পরিদর্শন করেছি। এখানে ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি সরকারি খাস জমি ও হালট দখল হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় কামরুজ্জামান রতন এমপি বলেন, ‘মানুষকে রক্ষা করতে এবং সরকারি খাস জমি দখলমুক্ত করতে যা যা করণীয়, আমরা তা করবো। আমি চাই স্থানীয় জনগণের ন্যায্যতা নিশ্চিত হোক। সরকার জানে না এত বড় সড়ক কীভাবে হলো। আশা করি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সরকার।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হামিদা মোস্তফা, উপজেলা বিএনপি নেতা আসলামুজ্জামান চৌধুরী তপন, জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীর, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল্লাহ হক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, বাউশিয়া ইউনিয়ন বিএনপি নেতা আ. মান্নান মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু, নজরুল মেম্বার, রেজাউল করিম তারেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।
ঢামেক হাসপাতালে সফল কিডনী প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক