চট্টগ্রামের ফটিকছড়িতে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাত যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। অটকরা স্থানীয় যুবলীগের রাজনীতিতে সক্রিয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া বাঘমারা পুকুর এলাকায় নিজাম উদ্দীন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ফটিকছড়ি থানা পুলিশ তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে দুই লাখ দুই হাজার টাকা পাওয়া যায়। এর আগে শুক্রবার রাতে সাড়ে তিন লাখ টাকাসহ মোট ৫ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার মধ্যরাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক মো. দুলাল হোসেন পিপিএমের নেতৃত্বে পুলিশ বায়েজীদ থানার সহায়তায় এজাহারনামীয় চারজনসহ মোট সাতজনকে আটক করে।
আটককৃতরা হলেন, নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকার মো. হোসাইন, মো. রুবেল, মহিবুল্লাহ, আলমগীর, মো. সাহেদ, এমরান উদ্দীন ও মো. আরাফাত।
শনিবার ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী মো. নিজাম উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ ছয়জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।