ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে আসা (ব্রেক্সিট) ঠেকাতে পেছনের সারির কিছু পার্লামেন্ট সদস্যের (এমপি) তৎপরতার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট। এতে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি দলের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টাকে ‘চরম উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করা হয়েছে।
বিবিসির খবরে জানানো হয়, ইইউ থেকে বেরিয়ে আসা নিয়ে পার্লামেন্ট কোনো চুক্তির অনুমোদন না দিলে আজ সোমবার কিছু এমপি একটি বিল উত্থাপন করবেন। এর লক্ষ্য ব্রেক্সিট পিছিয়ে দেওয়া।
সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, এমপি ডমিনিক গ্রিভের নেতৃত্বে আরেকটি দল ৫০ অনুচ্ছেদ বাতিল করে ব্রেক্সিট আটকে দিতে চায়।
পার্লামেন্টে এমপিরা ব্রেক্সিট নিয়ে কোনো চুক্তি অনুমোদন না করলে কয়েকটি দলের আইনপ্রণেতারা বিল উত্থাপন করবেন। এই বিলে ইইউর সঙ্গে দর-কষাকষি প্রলম্বিত করার কথা বলা হবে।