অনিয়মের অভিযোগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার অভিযানকালে কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে কোচিং বাণিজ্য হচ্ছে মর্মে দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ আসে। যার প্রেক্ষিতে স্কুলে অভিযান চালায় দুদক। সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব ও উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি টিম আকস্মিক এই অভিযান পরিচালনা করে।
সরেজমিনে দেখা যায়, কোচিং না করানোর অঙ্গীকার ভঙ্গ করে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন স্কুলের শিক্ষকরা। দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদক টিমের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত ৩০ শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এছাড়া নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের দশম শ্রেণিতে ভর্তির উদ্যোগ নিয়েছেন শ্রেণি শিক্ষক। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক টিমের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভিআইপি কোটায় ভর্তি বাণিজ্য খতিয়ে দেখতে অভিযান চালায় দুদক। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে এ বিষয়ে অধিকতর যাচাই চলছে।
অভিযান প্রসঙ্গে দুদক মহাপরিচালক বলেন, ‘সব সেক্টরেই দুর্নীতি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় দুদক অবিরাম কাজ করবে।’