ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় স্থগিত হওয়া ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সরকারের উচ্চপর্যায়ের অনুমতি সাপেক্ষে চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন করে ক্যাম্পেইন করব। তবে এখনো নির্দিষ্ট তারিখ হয়নি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো দিন ক্যাম্পেইন করতে আমাদের প্রস্তুতি রয়েছে। গত শনিবার রাজধানীসহ সারা দেশে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নির্ধারিত দিন ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারতের সেপটিসিউল কোম্পানির সরবরাহ করা লাল রঙের ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় ক্যাম্পেইন স্থগিত করে সরকার। এই ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে গত বৃহস্পতিবার দুটি পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। অভিযোগ ওঠা ক্যাপসুলের মান পরীক্ষার জন্য নমুনা সরকারের ড্রাগ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
নতুন ক্যাম্পেইনের প্রস্তুতি প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, নতুন ক্যাম্পেইনে দেশের দুই ওষুধ কোম্পানির ক্যাপসুল খাওয়ানো হবে। এগুলোর একটির মেয়াদ ২০২১ সালের ১ মার্চ এবং অন্যটির ২০২১ সাল পর্যন্ত মেয়াদ আছে। এরই মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষা শেষে সেগুলো পুষ্টি প্রতিষ্ঠানে সরবরাহ করেছে কেন্দ্রীয় ওষুধাগার।
এই কর্মকর্তা আরও বলেন, প্রতি ছয় মাস পরপরই ক্যাম্পেইন হয়। তাই আমাদের দু-তিনটি ক্যাম্পেইনের প্রস্তুতি রাখতে হয়। পরবর্তী ক্যাম্পেইন যেকোনো দিন করা সম্ভব।ইন্টারপোল