ফেব্রুয়ারিতে নতুন ছবি শুরু

টেলিভিশন নাটক ও বিকল্প ছবিতে পাওয়া গেছে লাক্সতারকা নাজিয়া হক অর্ষাকে। আর এবার তিনি এলেন হালের জনপ্রিয় মাধ্যম ওয়েব সিরিজে। ‘দ্বিতীয় কৈশোর’ নামের এই সিরিজে তিনি অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো আর তাহসানের মতো জনপ্রিয় তিন তারকার বিপরীতে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে। সিরিজটি নিয়ে অর্ষা বলেন, ‘আমি এর গল্পটির প্রেমে পড়ে গেছি। অসাধারণ চিত্রনাট্য। আমি অপেক্ষা করছি, কখন এটি মুক্তি পাবে আর কত দর্শক সেটি দেখবে তা দেখার জন্য। ওয়েব সিরিজে প্রথম কাজ বলে কথা!’

সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। বায়োস্কোপ অরিজিনালসের ওয়েবসাইটে শিগগিরই এটি অবমুক্ত হবে। জানালেন নির্মাতা। এদিকে সম্প্রতি বসুন্ধরা সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ছবি ‘অর্পিতা’ ছবিটি। এতে অভিনয় করেছেন অর্ষা। মাত্র দুটি প্রেক্ষাগৃহে ‘অর্পিতা’ মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েদের সংগ্রাম নিয়ে এই ছবির গল্প। এখানে আমার চরিত্রের নাম পূজা। আমার পরিচিত কয়েকজন মেয়ে ছবিটি দেখেছেন। তারা আমাকে বলেছেন, গল্পে বর্তমান সময়ের অবস্থা উঠে এসেছে। সবার অভিনয়েরও প্রশংসা করেছেন সবাই। আমি এতেই খুশি।’

কিন্তু ছবিটি মুক্তির আগে কোনো প্রচার-প্রচারণা দেখা যায়নি। এ প্রসঙ্গে অর্ষা বলেন, ‘এটি ছবির প্রযোজক ও পরিচালক ভালো বলতে পারবেন। আমি ঠিক জানি না। আর ছবির প্রচার নিয়ে শিল্পীদের সঙ্গে তাদের কোনো আলাপ-আলোচনাও হয়নি।’ তিনি আরও বলেন, ‘এত এত কাজ করার পর আর প্রচার করতে ইচ্ছা করে না। আর প্রচারের ভাষা কী হবে, তাও বুঝি না। আমার কাছে মনে হয়, ছবি মুক্তি পেলে দর্শক হলে যাবেন। ছবি দেখবেন। ছবি দেখার পর ভালো-মন্দ যা-ই হোক, দর্শক যেভাবে মতামত দেবেন, সেটাই আসল মতামত হবে। তবে প্রচারেই প্রসার, এই প্রবাদটাও ঠিক আছে। কারণ, বর্তমান সময়ে এটি খুব জরুরি।’

নতুন কোনো ছবির কোনো খবর আছে কি না জানতে চাইলে এই তারকা বলেন, ‘একটি চিত্রনাট্য হাতে পেয়েছি। আমার চরিত্র পড়েছি। ভালো লেগেছে। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হতে পারে। এখনই ছবির নাম ও পরিচালকের নাম বলছি না।’

এদিকে, অর্ষা বর্তমানে একাধিক টিভি নাটক নিয়ে ব্যস্ত আছেন। এরমধ্যে রয়েছে- জিপি স্বাধীনের ‘এখানে নোঙর’, রাইসুল তমালের ‘বুক পকেটে চিঠি’, সকাল আহমেদের দুটি ধারাবাহিক ‘ভদ্র পাড়া’ ও ‘অশান্তি পরিবার’। এ মাস থেকে এই ধারাবাহিক দুটি প্রচার হবে। আরও কয়েকটি নাটকে অভিনয় করেছি।’