মাগুরার মহম্মদপুর উপজেলা ঘুল্লিয়া গ্রামে গত রবিবার বিকেলে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা শুরু হয়েছে।
শতবর্ষী এ মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এলাকার অন্তত ২০ গ্রামের মানুষ ভিড় জমায়। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা।
মেলা উপলক্ষে এলাকার প্রতিটি বাড়িতেই অতিথি আসেন। বাড়ির গৃহিণীরা আত্মীয়-স্বজনদের জন্য বাড়িতে বাড়িতে পিঠাপুলির আয়োজন করে।
ঘোড়দৌড় দেখতে আসা পার্শ্ববর্তী খালিয়া গ্রামের সীমা সুলতানা, পাল্লাশির গ্রামের নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন আগে শুরু হওয়া এ ঘোড়দৌড় ও মেলা চলে আসছে। শুধু ঘুল্লিয়া গ্রাম নয় আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষ বছরের এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন।
মেলাকে কেন্দ্র করে দূরদূরান্ত ছুটে আসেন দর্শনার্থীরা। ঘোড়দৌড়ের পাশাপাশি মেলা থেকে পছন্দের জিনিস কেনাকাটা করেন ক্রেতারা। এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় ২০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।