বারিধারায় এটিএম বুথের প্রহরী খুন, আটক ৩

রাজধানীর বারিধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথের মধ্যে খুন হয়েছেন এক নিরাপত্তা প্রহরী। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শামিমের (২৪) রক্তাক্ত দেহ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজন আটক ও বুথের টাকা খোয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে গত রবিবার মধ্যরাতে দুর্বৃত্তরা শামিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শামিম এলিট সিকিউরিটি ফোর্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেন। এ ঘটনায় ওই সিকিউরিটি প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুথটি সিলগালা করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়ায়। শামিমের বাবার নাম নজরুল ইসলাম, তিনিও একই প্রতিষ্ঠানের অধীনে সিকিউরিটি গার্ডের চাকরি করেন।
ভাটারা থানার ওসি কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘এটিএম বুথের টাকা খোয়া যায়নি। ঘটনার প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে হত্যাটি পূর্বপরিকল্পিত। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’ এসআই শাহাবুদ্দিন জানান, শামিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। মঙ্গলবার (আজ) তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।’
ভাটারা থানার অপর এসআই বিলকিস আক্তার বলেন, ‘সকালে মোহাম্মদ আলী ও বিলাল হোসেন নামে দুজন থানায় এসে খবর দেয় বারিধারার প্রগতি সরণির জে ব্লকে হাতিল ফার্নিচারের শো-রুমের নিচে অবস্থিত যমুনা ব্যাংকের বুথের গার্ডকে দুর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গার্ডকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মাথা থেঁতলানো ছিল।’ থানায় দায়িত্বরত অপর এক পুলিশ কর্মকর্তা জানান, খুনের ঘটনায় এলিট সিকিউরিটি ফোর্স লিমিটেডের জোনাল কমান্ডার মো. শাহিন, সহকারী জোনাল কমান্ডার নজরুল ইসলাম ও রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।