অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গতকাল সোমবার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্তে ১৪ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোনো পাচারকারী আটক হয়নি। বিজিবি জানায়, তাদের মধ্যে দুজন শিশু; বাকি ছয়জন নারী ও ছয়জন পুরুষ। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট এবং বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক শিশু, নারী ও পুরুষ অনুপ্রবেশ করছে গোপনে এ সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালীর চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। অনুপ্রবেশ আইনে ১১সি ধারায় মামলা দিয়ে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।