রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদকে ছুরিকাঘাত করেছে বহিরাগতরা। গত রবিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশে এ ঘটনা ঘটে। এ সময় ইশতিয়াক আহমেদ রুমেল নামে এক যুবককে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। গুরুতর আহত ইমতিয়াজ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় স্থানীয় এক যুবকের মাথায় আঘাত করে পালিয়ে যায় কয়েকজন যুবক। তবে কে বা কারা আঘাত করে পালিয়ে যায়, তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর স্থানীয় বেশ কিছু যুবক ক্যাম্পাসে ঢোকে। পরে তারা বঙ্গবন্ধু হলের পাশে মাসুমের দোকানে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজের গলায় ছুড়ি মেরে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় রুমেলকে আটক করে পিটিয়ে পুলিশে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আটক স্থানীয় যুবককে পুলিশে দেওয়া হয়েছে। এখন পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’ মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব হোসেন বলেন, ‘ক্যাম্পাসে ঝামেলা হয়েছে, এমন তথ্য পেয়ে আমরা সেখানে যাই। পরে আটক রুমেলকে পুলিশি হেফাজতে নিই।’