জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের অভিযান, আটক ১

হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুরে মঙ্গলবার অভিযান চালিয়েছে র‌্যাব। তবে সেখান থেকে শীর্ষ স্থানীয় কাউকে আটক করতে না পারলেও সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযান শেষ করে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক বলেন, ‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে গেছে।’

আটক ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি শিবনারায়ণপুরের কফিল উদ্দীনের ছেলে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, শিবনারায়ণপুরে হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের একাধিক সদস্য অবস্থান করছে- এমন খবর পেয়ে সোমবার গভীর রাত থেকেই পুরো এলাকা ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। পরে ভোরে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়।

লে. কর্নেল মাহবুব আলম আরও জানান, অভিযানে শিবনারায়ণপুরের সন্দেহভাজন ১৫টির বেশি বাড়িতে অভিযান চালানো হয়। তবে শীর্ষ স্থানীয় কাউকে আটক করা যায়নি। এমনকি ওই সব বাড়ি থেকে অস্ত্র-গোলা বারুদও পায়নি র‌্যাব।

অভিযানে মনিরুল ইসলাম নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।