বার্সেলোনায় মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়াটেং

ইতালিয়ান ক্লাব সাস্সুয়োলোর মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়াটেংকে ধারে দলে টেনেছে বার্সেলোনা। চলতি মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন জার্মান এই ফুটবলার।

নিজেদের ওয়েবসাইটে সোমবার প্রিন্স বোয়াটেংয়ের সঙ্গে চুক্তি করার খবর জানায় বার্সেলোনা। ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের ধারে নিতে আপাতত ১০ লাখ ইউরো খরচ হচ্ছে লা লিগা চ্যাম্পিয়নদের। তবে চাইলে আগামী গ্রীষ্মকালীন দল-বদলে তাকে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ করতে পারবে ক্লাবটি। সেক্ষেত্রে গুণতে হবে ৮০ লাখ ইউরো।

চলতি মাসের শুরুতে মিডফিল্ডার মুনির এল হাদ্দাদিকে সেভিয়ার কাছে বিক্রি করে দেয় বার্সেলোনা। স্প্যানিশ এই ফরোয়ার্ডের জায়গায় প্রিন্স বোয়াটেংকে দলে টানল তারা। তার ভাই জেরোমে বোয়াটেং খেলছেন বায়ার্ন মিউনিখের হয়ে।