একদিনের ক্রিকেটে ২০১৮ সালটা দারুণ কেটেছে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। স্বীকৃতিস্বরূপ জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে একাদশে।
গেল বছরটায় মোস্তাফিজ ওয়ানডেতে ১৮ ম্যাচে মাত্র ৪.২০ ইকোনমি ২১.৭২ গড়ে নেন ২৯টি উইকেট। এর মধ্যে অসাধারণ পারফরম্যান্স দেখান এশিয়া কাপে; ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে।
অসাধারণ পারফরম্যান্সে সবার নজর কাড়া মোস্তাফিজ জায়গা পেয়েছিলেন ক্রিকেট বিশ্লেষক ও ক্রিকেটভিত্তিক ম্যাগাজিনের বর্ষসেরা ওয়ানডে একাদশে। এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আনুষ্ঠানিক বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিলেন বাঁহাতি এই পেসার।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশের নেতৃত্বে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আছেন দলটির পেসার জাসপ্রিত বুমরাহ। পেস বোলিংয়ে অপরজন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ।
বর্ষসেরা এ একাদশে জয়জয়কার ইংল্যান্ড ও ভারতের। একাদশে ঠাঁই পেয়েছেন চার ইংলিশ ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটারও রয়েছেন চার জন। এছাড়া বাকি তিনজনের একজন হলেন মোস্তাফিজ, নিউ জিল্যান্ডের দুই ক্রিকেটার রস টেলর এবং আফগানিস্তানের রশিদ খান।
একইসঙ্গে বর্ষসেরা টেস্ট একাদশও ঘোষণা করেছে আইসিসি। টেস্ট দলের নেতৃত্বেও রয়েছেন কোহলি। এই একাদশে নেই বাংলাদেশের কোনো খেলোয়াড়। সবচেয়ে তিনজন করে রয়েছেন ভারত ও নিউ জিল্যান্ড থেকে।
বর্ষসেরা ওয়ানডে একাদশ
১. রোহিত শর্মা (ভারত)
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
৩. বিরাট কোহলি (অধিনায়ক-ভারত)
৪. জো রুট (ইংল্যান্ড)
৫. রস টেলর (নিউজিল্যান্ড)
৬. জশ বাটলার (উইকেটকিপার-ইংল্যান্ড)
৭. বেন স্টোকস (ইংল্যান্ড)
৮. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
৯. রশিদ খান (আফগানিস্তান)
১০. কুলদ্বীপ যাদভ (ভারত)
১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)