বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্সকে বিশাল টার্গেট দিয়েছে খুলনা টাইটান্স। দরকার এবার নিয়ন্ত্রিত বোলিং। তাতে প্রতিযোগিতাটিতে দ্বিতীয় জয়ের দেখা পেতে পারে মাহমুদউল্লাহরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় টসে হারা খুলনা।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির শুরুটা অবশ্য ভালো ছিল না। ২৯ রানেই দুই ওপেনার আল-আমিন ও জুনায়েদসিদ্দিককে হারায় তারা। তৃতীয় উইকেট জুটিতে ব্রেন্ডন টেইলর ও নাজমুল হোসেন শান্ত ৪৯ রানের জুটি গড়লে বড় সংগ্রহের ভিত পায় দলটি।
দলীয় ৭৮ রানে তৃতীয় উইকেট হারায় খুলনা। ক্রিস গেইলের বলে নাহিদুলের হাতে ক্যাচ দেন ২০ বলে চার চার ও এক ছক্কায় ৩২ রান করা টেইলর।
আগের ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে অর্ধশতক হাঁকানো এবারও বড় ইনিংস খেলার পথে এগুচ্ছিলেন। তাতে বাধা হয়ে দাড়ালেন ফরহাদ রেজা। তার বলে নাজমুল হোসেনের হাতে ক্যাচ দেন ২০ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করা মাহমুদউল্লাহ।
দুই রানের জন্য অর্ধশতকের দেখা পেলেন না শান্ত। দলীয় ১৩৪ রানে ফরহাদের বলে কট অ্যান্ড বোল্ড হন তিন নম্বরে নামা এই ব্যাটার। ৩৫ বলে খেলা তার ৪৮ রানের ইনিংসটিতে রয়েছে দুই চার ও তিন ছক্কা।
শেষ দিকে ব্যাটে ঝড় তুলেন ডেভিড উইসা। ১৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
রংপুরের বোলারদের মধ্যে ফরহাদ চারটি উইকেট নেন ৩২ রানে। একটি করে উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা ও গেইল।