ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন পর্যায়ের ৫ নেতাকে দলের সাধারণ সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসনে মহাজোট প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির বিরোধিতা করার অভিযোগে এ সুপারিশ করা হয়।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছ। রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারের জন্য সুপারিশ করা নেতাকর্মীরা হচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগ সহসভাপতি হেলাল উদ্দিন, উপদেষ্টা পরিষদ সদস্য আমানুল হক সেন্টু, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস মিনারা আলম, জেলা শ্রমিক লীগ সভাপতি কাউসার আহমেদ।