চিটাগং ভাইকিংসের বিপক্ষে হারের দুঃখ ভোলার মিশনে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি ঢাকা ডায়নামাইটস। আগের দিনই আসরে মাত্র দ্বিতীয় হারের দেখা পেয়েছে ঢাকা। ২৪ ঘণ্টার ব্যবধানে তাদের নামতে হচ্ছে জয়ে ফেরার মিশনে। সেই মিশনে টস জিতে তামিম-আফ্রিদিদের কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা।
ঢাকার মতো একদিন আগেই নিজেদের সর্বশেষ ম্যাচটি খেলেছে কুমিল্লা। রাজশাহী কিংসের বিপক্ষে হার তাদের। জয়ে ফেরার তাগিদ তাই দুই দলেরই।
শীর্ষ স্থান ধরে রাখতে হলে এ ম্যাচে জয় পেতেই হবে ঢাকাকে। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। এক ম্যাচ কম খেলে তাদের সমান ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিটাগং ভাইকিংস। অর্থাৎ ঢাকা হারলে চিটাগং উঠে যাবে টেবিলের শীর্ষে।
এদিকে কুমিল্লার সামনে সুযোগ পয়েন্ট টেবিলের তিনে ওঠার। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দলটি। এক ম্যাচ বেশি খেলেও সমান ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রংপুর। অর্থাৎ এই ম্যাচে জিতলে রংপুরকে চারে ঠেলে তৃতীয় স্থানে উঠে যাবে কুমিল্লা। ম্যাচটি তাই উত্তাপ ছড়াচ্ছে শুরুর আগেই।