নারায়ণগঞ্জ-৪ আসন থেকে তিনবারের নির্বাচিত এমপি শামীম ওসমান আগামীতে আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মঙ্গলবার দুপুরে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যরাসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের ইমেজটা চেঞ্জ করতে চাই বলে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘আমাদের স্লোগান হওয়া উচিত ‘চেঞ্জ দ্যা ইমেজ, চেঞ্জ দ্যা নারায়ণগঞ্জ’। আমরা নারায়ণগঞ্জের ইমেজটা চেঞ্জ করতে চাই। আমি সবাইকে নিয়ে বসব’।
এ সময় আগামীতে আর নির্বাচন না করা ঘোষণা দিয়ে সাংসদ শামীম ওসমান বলেন, ‘আমি ওপেন ডিক্লেয়ার দিচ্ছি নির্বাচন করব না। আমি গতানুগতিক রাজনীতি করতে আসিনি। আমার কাছে এমপি হওয়া বড় কথা না। বড় কথা হচ্ছে আমি নারায়ণগঞ্জের মোড় ঘুরিয়ে দিতে চাই। যাতে মৃত্যুর পর সবাই স্মরণ করে। যেহেতু আমার আগামীবার নির্বাচন করার কোন টার্গেট নাই সেহেতু আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। কেউ যাতে এখানে এসে ছড়ি ঘুরাতে না পারে।’
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিক এবং আইনজীবীরা এক থাকলে এখানকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। রাজনৈতিক কারণে অনেক সময় দ্বন্দ্ব হতে পারে, মামলা হতে পারে। কিন্তু বিনা কারণে আমাদের বিপক্ষে যারা রাজনীতি করছেন তাদের, একটা ব্যক্তির কিংবা একটা মানুষও যাতে বিনা কারণে অত্যাচারিত না হয়।
নারায়ণগঞ্জে আর যেন সাত খুনের ঘটনা না হয় উল্লেখে করে তিনি বলেন, ৭ খুন করবে আইনশৃঙ্খলা বাহিনী আর ভুক্তভোগী হবে নারায়ণগঞ্জ, বদনাম হবে আমাদের এটা হতে দেব না।