অটোস্ট্যান্ডের আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবক খুন

পাবনা শহরের পৈলানপুরে অটোবাইক স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

নিহত যুবকের নাম অরিন (১৮)। সে পাবনা শহরের পৈলানপুর মহল্লার ভুট্টু প্রামাণিকের ছেলে। আহতদের মধ্যে ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পৈলানপুর মোড়ে অটোবাইক স্ট্যান্ডের দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে একজন ভিক্ষুকসহ উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে ৪ জনকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অরিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত অরিন অটোবাইক স্ট্যান্ডের মাষ্টার বলে জানা গেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে  অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।