নিজেকে দুর্গার সঙ্গে তুলনা করায় সাবেক মেয়রের বিরুদ্ধে সমন

বাঁশখালীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

মঙ্গলবার বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাইনুল ইসলাম এই আদেশ প্রদান করেন। দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শনকালে নিজেকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য প্রদানের অভিযোগে সাবেক এই মেয়রের বিরুদ্ধে দায়ের করা মামলায় এই সমন জারি করা হয়। মামলার শুনানিতে বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল আবছার, দীপংকর দে ও তোফাইল বিন হোছাইন।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, চেচুরিয়ায় শীলপাড়ার একটি দুর্গাপূজা মণ্ডপে বক্তব্য প্রদানকালে নিজেকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে বক্তব্য প্রদান করেন সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এরই প্রেক্ষিতে ২০১৮ সালের ২৪ অক্টোবর বাঁশখালী উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সম্পাদক স্বপন দাশ বাদী হয়ে মাহমুদুল ইসলামকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।

বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে সমন জারির আদেশ প্রদান করেন। আগামী ১২ মার্চ মাহমুদুল ইসলাম চৌধুরীকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করা হয়।