লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর জামিন মঞ্জুর

নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে এ্যানী লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. শাহে নূর তা মঞ্জুর করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর সোমবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা এ্যানীর নির্বাচনী গণসংযোগকালে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পুলিশ সদস্য, বিএনপির ২৫জন ও আওয়ামী লীগের ৬ জন আহত হয়।

এ ঘটনায় ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে সদর উপজেলার কুশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও তার ভাই হ্যাপী চৌধুরী ছাড়াও বিএনপি, যুবদল-ছাত্রদল ও অঙ্গসংগঠনের ১৪৬ নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয় বিএনপির আরও ২শ নেতাকর্মীকে।