পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান। সিরিয়ার ইরানের ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবেই গত সোমবার এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানায় বিবিসি।
রবিবার দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর, ইরানের গোয়েন্দা দপ্তর ও সেনা ঘাঁটিতে বোমাবর্ষণ করে ইসরায়েলি বোমারু বিমান। হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত এটাই সিরিয়ার সবচেয়ে বড় ইসরায়েলি হামলা। গত রবিবার রাত থেকে প্রায় চার ঘণ্টা ধরে সিরিয়ার ৬৫টি জায়গায় হামলা চালায় ইসরায়েল। গাইডেড মিসাইলের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক অস্ত্রভাণ্ডার। বিশেষ করে দামেস্ক বিমানবন্দরের পাশে থাকা ইরানি ঘাঁটিগুলোকে নিশানা করেছে জঙ্গিবিমান। ইরানের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার নাসিরজাদ বলেন, ‘আমাদের সেনাবাহিনীর নবীন কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছেন। তারা ইসরায়েলকে পৃথিবী থেকে মুছে দিতে চায়।’