বড়পুকুরিয়া কয়লা খনি প্রফিট বোনাস পায়নি ২৫৭ শ্রমিক

বড়পুকুরিয়া কয়লা খনির ২৫৭ জন আউটসোর্সিং শ্রমিককে প্রফিট বোনাস দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, খনির ঠিাকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) ৮৫৮ ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ৩৩২ জন শ্রমিককে গত ১৩ জানুয়ারি কর্র্তৃপক্ষ প্রফিট বোনাস দেয়। কিন্তু খনির ২৫৭ আউটসোর্সিং শ্রমিক, সাত মৃত পরিবার ও ছয় শারীরিক প্রতিবন্ধী পরিবারকে এই প্রফিট বোনাস প্রদান করেনি। এতে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

বড়পুকুরিয়া কয়লা খনি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘আগে শ্রমিকদের ১০ হাজার টাকা করে প্রফিট বোনাস দেওয়া হতো। পরে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে তাদের ২০ হাজার টাকা করে প্রফিট বোনাস দেওয়া হচ্ছে। কিন্তু ২৫৭ আউটসোর্সিং শ্রমিককে দেওয়া হয়নি। বঞ্চিত শ্রমিক, নিহত ও শারীরিক প্রতিবন্ধী পরিবারকে দ্রুত প্রফিট বোনাস না দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি ফজলুর রহমান বলেন, যে শ্রমিকরা প্রফিট বোনাস পায়নি, তাদের শিগগিরই কোম্পানির পক্ষ থেকে তা দেওয়া হবে।