টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী বুধবার (২৩ জানুয়ারি) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে ঢাকা বিশ^বিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ। একই সঙ্গে অনুষ্ঠিত হবে টিএসফি ফিল্ম ক্লাবের দ্বিতীয় ফিল্ম ফেস্টিভাল। অনুষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেক হালিম, বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু এবং অভিনেতা ফেরদৌস আহমেদ। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বিভাগের চেয়ারপারসন রিফ্ফাত ফেরদৌস।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের ফলাফল ঘোষণা করা হবে। পরে বিভাগের পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো প্রদর্শিত হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত পরিচালক মোর্শেদুল ইসলাম ও অভিনেতা রিয়াজ আহমেদ।

উল্লেখ্য, ২০১২ সালের ২৩ জানুয়ারি যাত্রা শুরু করে টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ।