খাগড়াছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক কালা মারমা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী নীহল ত্রিপুরা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কালা মারমা গুইমারা উপজেলার রাবার বাগান এলাকার মথু মারমার ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি যাচ্ছিল। পথে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলটির চালক নিহত হন।

এ সময় মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক।