নওগাঁর মান্দা উপজেলা থেকে উদ্ধার করা বিলুপ্তপ্রায় নীলগাইটিকে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে নেওয়া হচ্ছে।
বুধবার সকালে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে নীলগাইটিকে হস্তান্তর করেন। এর আগে গত সোমবার জোত বাজার এলাকা থেকে নীলগাইটি আটক করে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, জোত বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে প্রায় শতাধিক গ্রামবাসী ধাওয়া করে একপর্যায়ে নীলগাইটিকে ধরে ফেলেন। পরে, গ্রামের মধ্যে নিয়ে এসে প্রাণীটিকে বেঁধে রেখে মান্দা থানা-পুলিশ ও প্রাণীসম্পদ কর্মকর্তাকে খবর দেয় এলাকা বাসী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণীটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান বলেন, পশুটি আমাদের মাধ্যমে বুধবার রাজশাহী বন্যপ্রাণী পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, উদ্ধার হওয়া পশুটি নীলগাই। প্রাণীটি বাংলাদেশ থেকে অনেক দিন আগেই বিলুপ্ত হয়েছে। এটি সম্ভবত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে।
তিনি জানান, পশুটিকে আপাতত আমাদের হেফাজতে রাখা হবে। প্রাথমিকভাবে পশুটিকে কিছু ট্রিটমেন্ট দেওয়া হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে জানা যাবে পশুটিকে কোথায় রাখা হবে।