পার্বতীপুরে ১২ শ বোতল ফেন্সিডিলসহ বিক্রেতা গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে এক হাজার ২০৪ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা সাগর হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

বুধবার ভোর সাড়ে ৬টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের নতুন বাজার বাইপাস মোড়ে অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

বুধবার র‌্যাব-১৩ এর পুলিশ পরিদর্শক রাকিবউর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।  

দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, র‌্যাব-১৩ এর মেজর সোহেল রানা প্রিন্স বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে পার্বতীপুর মহাসড়ক নতুন বাজার বাইপাস মোড় থেকে এক হাজার ২০৪ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় র‌্যাব-১৩ সদস্যরা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করে।