বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪২তম আসর। জাতীয় চ্যাম্পিয়নশিপ কিংবা সামার মিট। ছেলেদের ১০০ মিটার মানেই মেজবাহ আহমেদের জয়জয়কার। নিজের সংস্থার পতাকা জড়িয়ে অ্যাথলেটিক ট্র্যাকে মেজবাহর ল্যাপ ছিল অতি পরিচিত দৃশ্য। গত বছর সেই দৃশ্যে ভিন্নতা এনে তাকে হারিয়ে ছিলেন বিকেএসপির হাসান আলী। আর এবার সবচেয়ে আকর্ষণীয় এই ইভেন্টেই দেখা যাবে না মেজবাহকে। জাতীয় ও সামার মিলিয়ে সাতবার দ্রুততম মানবের খেতাব জেতা বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার অভ্যন্তরীণ ট্রায়ালে হয়েছেন তৃতীয়। বিস্ময়কর ব্যাপার হলো, এতদিন যাকে লং জাম্পার হিসেবে দেখা যেত, সেই মোহাম্মদ ইসমাইল ট্রায়ালে হয়েছেন প্রথম। আজই হতে যাওয়া ১০০ মিটারে তাই তার দিকেই থাকবে সবার চোখ। ইসমাইলের সঙ্গে নৌবাহিনীর হয়ে দৌড়াবেন ট্রায়ালে দ্বিতীয় হওয়া নতুন মুখ রাকিবুল ইসলাম।
গত জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে জিতে সপ্তমবারের মতো দ্রুততম মানবের খেতাব জিতেছিলেন মেজবাহ। সেবারই সাবেক স্প্রিন্টার মোশাররফ হোসেন শামীমকে ছুঁয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত সামার মিটে সুযোগ পেয়েছিলেন শামীমকে ছাড়িয়ে সেরার আসনে আসীন হওয়ার। সেটা পারেননি। আর এবার তো সুযোগই পাচ্ছেন না। যদিও নতুনের আগমনে অখুশি মনে হয়নি মেজবাহকে, ‘নতুনরা ভালো করছে এটা দেশের জন্যই সুখবর। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি তৃপ্ত।’ নৌবাহিনীর কোচ রফিকুল ইসলামও নতুনদের ভালো করায় খুশি। ‘সাধারণত স্প্রিন্টে দীর্ঘদিন ভালো করা যায় না। কিন্তু মেজবাহ সাতবার সেরা হয়ে নিজেকে ভালো স্প্রিন্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবার ট্রায়ালেও যে ওর টাইমিং খারাপ ছিল তা নয়। তবে অন্য দুজন ওর চেয়েও ভালো করায় ওকে বাদ দিতে হয়েছে।’ ১০০ মিটার স্প্রিন্টে বাদ পড়লেও মেজবাহ খেলবেন নিজের পুরনো ইভেন্ট ত্রিপল জাম্প এবং রিলে ইভেন্টে। মেজবাহ না খেললেও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর প্রতিনিধিত্ব করবেন জাতীয় ও সামার মিলিয়ে পাঁচবার দ্রুততম মানবী হওয়া শিরিন আক্তার।
এদিকে আজ থেকে শুরু হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে বিভিন্ন জেলা, বিভাগ, বিশ্ববিদ্যালয়, সব শিক্ষা বোর্ড, শারীরিক শিক্ষা কলেজ, বিকেএসপি এবং বিভিন্ন সংস্থার প্রায় ৫০০ অ্যাথলেট ৩৬টি ইভেন্টে অংশ নেবেন। এর মধ্যে ২২টি ছেলেদের এবং ১৪টি মেয়েদের ইভেন্ট।